অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করতে এবার ৯০ দিনের বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার। বুধবার নবান্নে নতুন ফর্ম প্রকাশ করে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সকল উপভোক্তাকেই নতুন করে ফর্ম ফিলাপ করতে হবে। অনলাইন ও অফলাইন— দু’ভাবেই আবেদন করা যাবে।
মুখ্যমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল অনিয়মের অভিযোগ এসেছে। তাঁর বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বা ভারতীয় নাগরিক নন, এমন বহু মানুষও এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। প্রাথমিক হিসাবে প্রায় ৩০ লক্ষ “অযোগ্য” নামের উল্লেখ করেন তিনি। সেই কারণেই নতুন করে পূর্ণাঙ্গ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির সংকল্পপত্র অনুযায়ী ১০০০ টাকার বদলে ৩০০০ টাকা করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনায়। তবে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য ভারতীয় মহিলারাই এই সুবিধা পাবেন। নতুন ফর্মে পরিবার সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
সরকারি সূত্রে খবর, মহিলা ও শিশু কল্যাণ দপ্তর হবে এই প্রকল্পের নোডাল দপ্তর। পাশাপাশি মুখ্যসচিব, অর্থসচিব, জেলাশাসক, বিডিও, পুরসভা ও কর্পোরেশনের আধিকারিকদেরও এই কাজে যুক্ত করা হচ্ছে। ভোটার তালিকা, আধার এবং অন্যান্য তথ্য মিলিয়ে চূড়ান্ত যাচাই করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এনরোলমেন্ট সম্পূর্ণ না হচ্ছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। আগামী ২ জুনের মধ্যে যাঁরা ফর্ম পূরণ করতে পারবেন, তাঁদের ক্ষেত্রে ৩ জুন থেকেই ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে দাবি তাঁর।
সরকারের তরফে জানানো হয়েছে, বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণে সাহায্য করা হবে। বিডিও অফিস, পুরসভা এবং জনকল্যাণ শিবিরেও এই ফর্ম জমা দেওয়া যাবে। প্রতি সপ্তাহে কতজনের এনরোলমেন্ট হল, সেই তথ্যও প্রকাশ করা হবে।